হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ৪১৬ বছর

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঢাকা দিবস’ পালনে হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। দিবসের এবারের প্রতিপাদ্য ‘হৃদয়ে ঢাকা’। আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে মো. আব্দুস সালাম বলেন, ‘১৬১০ সালে বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু। আর ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় আধুনিক নগর প্রশাসনের পথচলা। কালের বিবর্তনে যা আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাই ১ আগস্টকে আমরা ‘‘ঢাকা দিবস’’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

​তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান—বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসব ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ, নাগরিকদের মধ্যে শহরের প্রতি ভালোবাসা ও মালিকানাবোধ সৃষ্টি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও নাগরিকবান্ধব রাজধানী গড়ে তোলার দীর্ঘমেয়াদি নাগরিক আন্দোলন। উদ্যোগটির মাধ্যমে ঢাকার ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, খাদ্য ঐতিহ্য, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় অর্থনীতি, পর্যটন এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিতভাবে তুলে ধরা হবে।

প্রশাসক জানান, উৎসবের প্রথম দিন ৩১ জুলাই ভোরে অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’। র‍্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। একই দিন বিকেলে হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, ঐতিহ্যবাহী গাড়ি, রিকশা ও পালকিসহ নানা ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে বের হবে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’।

১ আগস্ট ‘ঢাকা দিবস’-এর দিন ভোরে আয়োজন করা হবে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ইতিহাসভিত্তিক বইয়ের প্রদর্শনী, আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল, লাইট অ্যান্ড সাউন্ড শো এবং সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করা হবে।

২ আগস্ট লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। পাশাপাশি ‘ঢাকা আড্ডা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে রাজধানীর ঐতিহ্য, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হবে। সন্ধ্যায় থাকবে ঐতিহ্যবাহী কাওয়ালি ও সুফি সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই দিনে চলবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বিশেষ ফুড ফেস্টিভ্যাল।

৩ আগস্ট বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ঘাট থেকে ঐতিহাসিক ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

এ ছাড়া ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহজুড়ে রাজধানীর বিভিন্ন স্থানে থাকবে নানা আয়োজন। মধুমিতা সিনেমা হলে ঢাকাকে কেন্দ্র করে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশ টেলিভিশনে ঢাকা বিষয়ক বিশেষ নাটক ও অনুষ্ঠান প্রচার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, উন্মুক্ত আর্ট ক্যাম্প এবং শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে ‘দি গ্রেট ঢাকা সেল’-এর আওতায় বিশেষ মূল্যছাড় দেওয়া হবে। নাগরিকদের কাছ থেকে ‘লাভ লেটার টু ঢাকা’ শিরোনামে ঢাকাকে উদ্দেশ করে চিঠি আহ্বান করা হবে এবং সদরঘাট থেকে ঐতিহ্যবাহী নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’-এর মাধ্যমে বুড়িগঙ্গা ভ্রমণের বিশেষ আয়োজন থাকবে।

প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রশাসক বলেন, ‘দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়েই উৎসব অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতির অবনতি হলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে সূচি পরিবর্তন হতে পারে। তবে এই প্রাণের উৎসব অবশ্যই উদ্‌যাপিত হবে।’

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা

আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২

বৃষ্টিতে ডুবেছে ঢাকা, দেখুন ছবিতে

১৮তম শিক্ষক নিবন্ধন: শতভাগ শূন্যপদ যুক্ত করে গণবিজ্ঞপ্তির দাবি সুপারিশবঞ্চিতদের

বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবি