রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত গোলাম মোস্তফার ছেলে মো. ইউসুফ জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার হাসাইল গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় থাকেন। তাঁর বাবা অটোরিকশা চালক ছিলেন। সকালে রিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর খবর আসে, গেন্ডারিয়া এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। পথচারীরা তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানাকে অবগত করা হয়েছে।