নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতা-কর্মীরা। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
আজ সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী।
শওকত আলী বলেন, ‘সকাল ৬টার দিকে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় ১৫-২০ জনের একটি দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পক্ষে মিছিল বের করে। পেছনে একটি ইজিবাইকে আমাদের মহানগর এনসিপির চারজন সদস্য বসে ছিলেন। তাঁরা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করেন। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি, তারা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ কর্মী।’
ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মহানগর এনসিপির এই নেতা।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, ‘আমার বিষয়টি জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে আমাদের কেউ কিছু অবগত করেনি।’