রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় সেলিম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে বমি করিয়ে তাঁর পেট থেকে ছিনতাই করা স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।
আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর বমি করানোর মাধ্যমে তাঁর পেট থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়।
আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে বলে জানা যায়।