হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশালমিছিল

ঢাবি প্রতিনিধি

মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ রোববার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচি থেকে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়া এবং তাঁদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতন বন্ধের আহ্বান জানান জোটের নেতারা।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, কলাভবনের শ্যাডো, মধুর ক্যানটিন ও কেন্দ্রীয় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ও সংগঠনটির ঢাকা মহানগর শাখার সভাপতি নাঈম উদ্দীন বলেন, শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবির সঙ্গে অন্য পেশার মানুষের মজুরি বৃদ্ধির কোনো বিরোধ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, শিক্ষা ও চিকিৎসার ব্যয় বিবেচনায় বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন। অথচ শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামলে তাঁদের ওপর লাঠিপেটা ও দমন-পীড়ন চালানো হচ্ছে।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও সাধারণ শ্রমজীবী মানুষ ন্যায্য দাবিতে আন্দোলন করলে তাঁদের ওপর হামলা করা হচ্ছে। মিরপুরের ১০ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকদের মারধর এবং পুলিশ ভ্যানে তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, মিরপুর, গাজীপুর ও আশপাশের এলাকায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের দমন-পীড়ন নিন্দনীয়। শ্রমিকদের আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যও প্রত্যাখ্যান করেন তিনি।

মোজাম্মেল বলেন, ‘সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, আন্দোলন ভিন্ন খাতে নেওয়া হচ্ছে এবং এর পেছনে রাজনৈতিক ইন্ধন খুঁজছেন। ক্ষমতার হাতবদল হয়, কিন্তু ক্ষমতার ভাষার পরিবর্তন হয় না।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তৈয়ব ইসলাম বলেন, যাঁদের শ্রমের ওপর বাংলাদেশের পোশাকশিল্প ও অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই শ্রমিকেরাই কারখানার ভেতরে ও বাইরে নিপীড়নের শিকার হচ্ছেন। ন্যায্য মজুরির দাবিতে মালিকপক্ষের সঙ্গে কথা বলার সুযোগ না পেয়ে তাঁরা রাস্তায় নামলেও সেখানে পুলিশের হামলার মুখে পড়ছেন।

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমু চলমান শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বলেন, সম্প্রতি গঠিত মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই। সেখানে শ্রমিক প্রতিনিধি হিসেবে ক্ষমতাসীন বিএনপির শ্রমিক সংগঠনের সভাপতি রয়েছেন। তিনি বলেন, ‘বোর্ডে যারা রয়েছেন, তাঁরা বিজিএমইএ এবং বিএনপির শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব করছেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকলেও শ্রমিকেরা আন্দোলন অব্যাহত রেখেছিলেন বলে স্মরণ করেন ইসরাত জাহান ইমু। তিনি বলেন, সাভারের প্রথম শহীদ ছিলেন একজন শ্রমিক। শ্রমিকেরা একসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, এখন শিক্ষার্থী ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের উচিত শ্রমিকদের পাশে দাঁড়ানো।

সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাহিম আহমেদ চৌধুরী বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে আওয়ামী লীগের ইন্ধন বা ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবিকে দমনের এ ধরনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির যৌক্তিকতা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। কারণ, বর্তমান বাজারে সাড়ে ১২ হাজার টাকা দিয়ে একজন মানুষের পক্ষেও জীবনযাপন করা সম্ভব নয়।

বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচার ব্যবস্থার জন্য অপরিহার্য

যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে

সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী হত্যা: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি

ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মিলল ৩ জনের মরদেহ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজ

১৪ বছরের সাজাপ্রাপ্ত শওকত আজিজের আত্মসমর্পণ, কারাগারে পাঠালেন আদালত

আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ