হোম > সারা দেশ > ঢাকা

আবেদ আলীর ছেলে সিয়াম ৪ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে আলোচিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডের আবেদনের ওপর শুনানি শেষে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক আল আমিন তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন রিমান্ড শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে ২০ জানুয়ারি সিয়ামকে আটক করে দুদক।

৫ জানুয়ারি আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে দুদক। তিনটি মামলার এজাহার থেকে জানা যায়, আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। এ ছাড়া আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এজাহারে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে আনা হয়েছে। তাঁর দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা; ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

আওয়ামী শাসনামলে বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে আবেদ আলীর বিরুদ্ধে। সামান্য গাড়িচালক থেকে কোটিপতি বনে যান তিনি, তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

এ নিয়ে দেশব্যাপী ওঠে সমালোচনার ঝড়। পরে আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে আছেন। প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিয়ামকেও গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিন পান।

রাজধানীতে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর

অবহেলায় মৃত্যুর অভিযোগ: হৃদরোগ ইনস্টিটিউটসহ ২ হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৪০৪৮

ঈদের বাজারে ঢুকত ৩৪ লাখ জাল টাকা, আগেই গ্রেপ্তার চক্রের ৩ সদস্য

টানা ৪৪ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

‘গবেষণা’ ও ‘নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবে’ গড়ে ওঠেনি বাংলাদেশের ট্যুরিজম আইকন

অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশযাত্রার অনুমতি

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা