রাজধানীর ডেমরার কোনাপাড়ার শান্তিবাগ এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে আজ বুধবার। নিহতের নাম আব্দুস সালাম (২৭)। পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
গত মঙ্গলবার রাতে লিফটের জন্য বরাদ্দ পাকা জায়গা থেকে আব্দুস সালামের লাশ উদ্ধার করা হয়। লাশের ডান হাত ভাঙা, রগ কাটা এবং মুখের ডান পাশ ক্ষতবিক্ষত ছিল। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
পুলিশের প্রাথমিক ধারণা, গত মঙ্গলবারই দুর্বৃত্তরা আব্দুস সালামকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। ডেমরা থানার উপপরিদর্শক মো. আহসান বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতেই লাশ শনাক্তের জন্য ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বুধবার ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দত্তকান্দি গ্রামের মাতিন শেখের ছেলে। তিনি ডেমরার শান্তিবাগ এলাকার ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ নামের একটি বই বাঁধাই কারখানায় কর্মরত ছিলেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা তাইফুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত আব্দুস সালাম হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটিত না হলেও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ডেমরা থানায় এ বিষয়ে হত্যা মামলা করা হবে।’