রাজধানীর কাফরুলে অপহরণের স্বীকার সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হয় ওই শিশু। এরপর আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শিশুটির সন্ধান না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারটি।
জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। ফুটেজে কালো পোশাক পরা এক নারীকে শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যেতে দেখা যায়। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেপ্তার যুথী আক্তারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।