ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
সুদীপ চক্রবর্তীকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন তাঁর তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির জন্য আজ দিন ধার্য করেন। আজ সুদীপ চক্রবর্তীর আইনজীবী তাঁর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।গত ২৭ এপ্রিল সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানো হয়। এর আগে ২৬ এপ্রিল উত্তর বাড্ডা থেকে তাঁকে আটক করা হয়।
গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’ পরে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তাঁর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন।