হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানো হবে।

গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আনসার-ভিডিপি মহাপরিচালক জানান, প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাসের রাজধানী ঢাকায় ভূমিকম্পসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হবে। বাহিনীর ডিজিটাল ডেটাবেইসে অন্তর্ভুক্ত এসব সদস্য দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসন কর্মকাণ্ডে অংশ নেবেন।

প্রস্তাবিত ১ লাখ স্বেচ্ছাসেবীকে বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে কার্যকর দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছে।

মন্ত্রী এ কর্মপরিকল্পনার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। পরিকল্পনাটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে আনসার-ভিডিপির চলমান সংস্কার, সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগে আনসার-ভিডিপি সদস্যদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

এ ছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশ সহনশীলতা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। প্রকল্পের আওতায় বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটিতে স্থানীয় ভিডিপি সদস্যদের জন্য পরিবেশবান্ধব প্ল্যান্ট, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা ও রিভার্স অসমোসিস (আরও) ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাম্প্রতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান।

দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়াদান, উদ্ধার অভিযান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।