রাজধানীর কদমতলী এলাকায় ভেজাল আইসক্রিম ও অনুমোদনহীন পানীয় জল উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি কারখানা সিলগালা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার কদমতলী থানা এলাকায় এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং এসআরবি-১০, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদারের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে আইসক্রিম উৎপাদনের অভিযোগে তিনটি কারখানা সিলগালা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানীয় জল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে সেটিও সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসআরবি-১০ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভবিষ্যতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।