হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনা ও বাস মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় একজন আহত হয়েছেন; তবে তাঁর পরিচয় জানা যায়নি। দুজনেই লেগুনার যাত্রী ছিলেন।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়েছে।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা লেগুনার যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপরে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জাহাঙ্গীর নামে একজন মারা যান। আরেকজন চিকিৎসাধীন আছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি গ্রামে। তাঁর বাবার নাম নিজাম উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা-পুলিশ তদন্ত করছে।