হোম > সারা দেশ > ঢাকা

মালয়েশিয়াগামী কর্মীদের ৩ বাক্স পাসপোর্ট জব্দ, ‘ট্রিপল এ ওভারসিজ’ এজেন্সি সিলগালা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট জমা নেওয়ার অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘ট্রিপল এ ওভারসিজ’ সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নেওয়া তিন বাক্স পাসপোর্ট জব্দ করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

আজ বৃহস্পতিবার বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত বিশেষ মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার পর এসব ব্যবস্থা নেওয়া হয়। ‘ট্রিপল এ ওভারসিজ’-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমইটি।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট সংগ্রহ করে রেখেছিল প্রতিষ্ঠানটি। পরে অভিযান চালিয়ে তিন বাক্স পাসপোর্ট জব্দ করা হয়। এগুলো বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে। জব্দ করা পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না। নিয়ম অমান্য করে প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।