ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যাব-১০ জানায়, গত বুধবার কেরানীগঞ্জ থানার হযরতপুর এলাকায় র্যাব-১০, উপজেলা প্রশাসন, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সার প্রস্তুত ও প্যাকেটজাত করার পাশাপাশি নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে জিয়াউর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আরও ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। জব্দ করা আলামত বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।