ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরগরম পুরান ঢাকার অলিগলি। আজ বৃহস্পতিবার এই এলাকার ভোটকেন্দ্রগুলোতে বইছে উৎসবের আমেজ। সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা এখানকার কেন্দ্রগুলোতে চলে এসেছেন, লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
সকাল থেকে পুরান ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা আরও বাড়ছে। তবে পোলিং এজেন্টদের আসতে কিছুটা দেরি হওয়ায় কোনো কোনো কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে কিছু পর ভোট গ্রহণ শুরু হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্কাবস্থায় দেখা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকজন ভোটার জানান, তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট। ভোট দিতে আসা আয়েশা বেগম বলেন দীর্ঘদিন পর এমন ভোটের সুযোগ হয়েছে। এ জন্য খুব ভালো লাগছে।
আয়েশা বেগমের মতো একই অভিজ্ঞতার কথা জানালেন প্রবীণ ভোটার রহমত মিয়া। তিনি বলেন, ‘খুবই সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে। এমন পরিবেশ এর আগে কবে দেখেছি মনে নেই।’
পুরান ঢাকার গেন্ডারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্রেই ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান।
ভোট প্রদান শেষে ড. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশে বিলম্ব হয়েছে। তবে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে আসছেন। কিছু বিচ্ছিন্ন অসংগতি থাকলেও আশা করি প্রশাসন ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে আমরা ভোট গ্রহণ শুরু করেছি। খুব সুন্দর পরিবেশেই সুশৃঙ্খলভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন।