দুপুর থেকেই থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেই আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে জড়ো হন হাজারো মানুষ।
বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বাজানো হয় জাতীয় সংগীত। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদ্যাপনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি ছিলেন হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বর্ষা বিপ্লবের গান আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে মঞ্চে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য শেষে তাঁরা মঞ্চ থেকে নেমে যান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে উদ্যাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়।
রাত ৮টা নাগাদ র্যাপার সেজান মঞ্চে উঠলে দর্শকদের একাংশ বেষ্টনী ভেঙে ফেলেন। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকা বিশেষ দর্শক সারির চেয়ারগুলো লন্ডভন্ড করে মঞ্চের সামনে চলে আসেন তারা। এ সময় কয়েকজনকে মঞ্চেও উঠে যেতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কনসার্টে গান পরিবেশন করেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর ও আর্ক (হাসান)। ব্যান্ডদল শিরোনামহীন ও আর্টসেলেরও কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে।