বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে রাজধানী ঢাকার কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া, জলাশয় ও খাল-বিল ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভূমিকম্পের ঝুঁকির প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মাঝেমধ্যে আমরা ছোট ছোট ভূমিকম্প অনুভব করি। খোদা না করুক, যদি কোনো বড় মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহরের কী অবস্থা হবে আমরা জানি না।’
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘আজকে ঢাকা শহরে পানি নাই। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারছে না, কারণ সব জায়গা কংক্রিটে ঢেকে গেছে। আগে যেখানে পুকুর ও খাল ছিল, সেগুলোও হারিয়ে গেছে।’
মো. আবদুস সালাম বলেন, প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে চলতে দিতে হবে। এজন্য জলাশয় সংরক্ষণ, খাল-বিল রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খাদ্য নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, রাস্তার অস্বাস্থ্যকর খাবার নানা রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্যান্সার ও হৃদরোগ বৃদ্ধির পেছনেও পরিবেশ ও খাদ্যাভ্যাসের ভূমিকা রয়েছে।
এর আগে শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে ডিএসসিসি এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক।
এবারের ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসির ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কেনার জন্য ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।