হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ১২ ঘণ্টার বিক্ষোভের মুখে বিএনপি নেতাকে ছেড়ে দিল পুলিশ

কুমিল্লা প্রতিনিধি

থানা থেকে বেরিয়ে আসার পর বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে (আকাশি শার্ট পরা) জড়িয়ে ধরেন নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে অবশেষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকের প্রায় ১২ ঘণ্টার মাথায় রোববার দিবাগত রাত ১২টার পর রেজাউল কাইয়ুম থানা থেকে বের হয়ে আসেন। রোববার দুপুরে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে যায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের পরপরই তাঁর সমর্থক ও পরিবহনশ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা ঘেরাও, বিক্ষোভ ও পরিবহনশ্রমিকদের কর্মসূচিতে রোববার অচল হয়ে পড়ে নগরীর শাসনগাছা এলাকা। এ ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব, টার্মিনাল ইজারা এবং চাঁদাবাজির অভিযোগ—তিনটি ইস্যু সামনে এসেছে।

কুমিল্লা কোতয়ালী থানা থেকে বের হয়ে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম বলেন, 'আমাকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল।এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার জন্য দীর্ঘ সময় ধরে নেতা-কর্মীসহ এলাকাবাসী অনেক কষ্ট করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।'

রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। এর সঙ্গে যুক্ত হয় পরিবহনশ্রমিক এবং স্থানীয় শাসনগাছা এলাকার নারী-পুরুষ। একই সময় শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। ফলে চার ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লা এবং আঞ্চলিক রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

রাত ১২টা পর্যন্ত নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান করেন।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান রাত সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকাকে বলেন, তাঁদের সভাপতিকে রাজনৈতিকভাবে হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে একটি মহল গুজব ছড়িয়ে দীর্ঘ সময় ধরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করেছে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর তিনি থানা থেকে বের হয়ে নেতা-কর্মীদের মাঝে ফিরে আসেন। এ ঘটনায় সত্যের জয় হয়েছে বলে দাবি করেন তিনি।

শফিউল আলম আরও বলেন, কোতোয়ালি থানা থেকে বের হওয়ার পর সভাপতি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।

শফিউল আলমকে ছেড়ে দেওয়ার ব্যাপারে রাতে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে (কাইয়ুম) জিজ্ঞাসাবাদ করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে ঘটনার পেছনে শাসনগাছা বাস টার্মিনালের ইজারাসংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। একটি সূত্র জানায়, টার্মিনালের ইজারা নিয়ে কুমিল্লার একটি আসনের সংসদ সদস্যের সঙ্গে রেজাউল কাইয়ুমের বিরোধ তৈরি হয়। আটকের আগে এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টও দেওয়া হয়েছিল।

অন্যদিকে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিনকে ঘিরে রেজাউল কাইয়ুমের অনুসারীদের বিভিন্ন পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র দাবি করেছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে চাঁদা আদায় নিয়ে রেজাউল কাইয়ুম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়। সাম্প্রতিক সময়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সড়কে চলাচলকারী যানবাহনের শ্রমিকেরাও এই চাঁদাবাজির প্রতিবাদ জানান। এই প্রেক্ষাপটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে বলে সূত্রটির দাবি।

এদিকে বিকেলে রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শাসনগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর বিকেলে টার্মিনাল থেকে যান চলাচল শুরু হয়। তবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা টার্মিনালে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, বিকেল থেকে সব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।

কুমিল্লায় ঝড়ে টিনের চাল পড়ে একজনের মৃত্যু

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

বাবার মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে থেঁতলে দিল কাভার্ড ভ্যান

কুমিল্লার চান্দিনায় ধান কাটার শ্রমিক সেজে বাড়িতে ঢুকে হত্যা, লুট

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিকের মৃত্যু, শঙ্কায় আরও একজন

১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: কুমিল্লায় গোলাম পরওয়ার

কুমিল্লায় এবার পানির মধ্যে বসে অনার্স ফাইনাল পরীক্ষা

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ধান পচে গন্ধ বের হচ্ছে, চাষিদের মাথায় হাত

গাছ পড়ে, তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ সংযোগ বিপর্যস্ত