হোম > সারা দেশ > কুমিল্লা

অজ্ঞাত ফোনকলে এক মাস পর লাশ মিলল শ্বশুরবাড়িতে, স্ত্রী-সন্তানসহ আটক ৪

কুমিল্লা প্রতিনিধি  

আব্দুল করিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর আব্দুল করিম ভূঁইয়া (৫২) নামের এক ব্যক্তির লাশ তাঁর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের একটি সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়শালঘর গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার ছেলে আব্দুল করিম ভূঁইয়া গত ১৩ আগস্ট খড়মপুর মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর বড় ভাই আমির হোসেন ভূঁইয়া ১৬ আগস্ট দেবিদ্বার থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর গতকাল বুধবার রাতে আমির হোসেন ভূঁইয়ার মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল দিয়ে জানান, করিমকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ গুম করেছেন। ওই তথ্যের ভিত্তিতে আমির হোসেন পুলিশ নিয়ে রসুলপুরে করিমের শ্বশুরবাড়িতে যান। অনুসন্ধানের পর পুলিশ করিমের শ্বশুর ইউনুছ মিয়ার সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত করিমের স্ত্রী তাসলিমা আক্তার, দুই ছেলে তানভির ও তৌহিদ এবং দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, একটি ফোনকলের সূত্র ধরে করিমের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী, দুই ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার