চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে অয়েল ট্যাংকার থেকে ডিজেল চুরি করে বিক্রির সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ।
জব্দ করা জ্বালানির আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটিসংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করে সদরঘাট নৌ পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), মো. আব্দুল হালিম (৩৫), মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) ও মো. নুরুল আমিন (৫০)।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কর্ণফুলী নদী ও এর আশপাশের এলাকায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় আটক ছয়জনের নামে ও অজ্ঞাতনামা আরও দুয়েকজনকে আসামি করে মামলা করেছেন।