চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। এ পর্যন্ত ১২ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ২ এবং ৩ নম্বর বয়ার মাঝখানে এ ঘটনা ঘটে।
তবে ওই লাইটারেজ জাহাজে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টায় জানান, কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।
জানা গেছে, ডুবে যাওয়া ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
বাংলাদেশ কোস্টগার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে বলেন, খবর পাওয়ার পর পরই জাহাজের নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। কোস্ট গার্ড প্রথমে ৮ জনকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় আনোয়ারা পারকি সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করেন।