চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একদিনের জন্য উপাচার্য (ভিসি) নিয়োগের প্রতিবাদে একদিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একদিনের জন্য দায়িত্ব পালনের মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর প্রতিবাদে তাঁরা একদিনের শাটডাউন কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ও আপত্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা ও একদিনের ভিসির রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোন প্রশাসনিক কাযর্ক্রম বয়কট করারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। একদিনের ভিসি নিয়োগের প্রতিবাদে আজ বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তাঁরা।
জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে যাওয়ায় চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে এক দিনের জন্য উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার এক ই-মেইল বার্তায় এ দায়িত্ব দেওয়া হয়।
উপাচার্যের পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, ‘২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করব। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত এই দায়িত্ব অধ্যাপক দেলোয়ারের কাছেই থাকবে।’
এদিকে এক দিনের রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার এক দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এক দিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে রোববার বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভও করেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি ও আপত্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘এটি একটি রেগুলার ইস্যু।’ এর বাইরে তিনি আর কোনো কথা বলতে চাননি।
পূজার ছুটির পর কর্মদিবস পার হলেও নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে ফেরেননি। গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্পূর্ণ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন। উপাচার্য পুনর্বহালকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের ৪১ দিন পার হয়েছে।