হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘হাতজোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না’, চট্টগ্রামে বিএনপির প্রার্থী

আজকের পত্রিকা ডেস্ক­

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: স্ক্রিনশট

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাঁকে প্রকাশ্য জনসভায় ১২ তারিখ (ভোটের দিন) পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য দুই হাত জোড় করে অনুরোধ করতে দেখা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সরওয়ার জামাল নিজাম এই বক্তব্য দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক। এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’

নির্বাচনের আগমুহূর্তে একজন প্রার্থীর মুখে এ ধরনের সরাসরি অনুরোধের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রার্থীর এই ‘সময়সীমা বেঁধে দেওয়া’ অনুরোধের আসল অর্থ কী, তা নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে চাঁদাবাজদের প্রতি নমনীয়তা হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, তিনি কৌশলে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন।

সরওয়ার জামাল নিজাম তাঁর বক্তব্যে আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কোনো কুচক্রী মহল বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা করে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসী জানান, চাতুরী চৌমুহনী এলাকাটি আনোয়ারার প্রধান ব্যবসায়িক কেন্দ্র হওয়ার কারণে এখানে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে প্রশ্ন জেগেছে, ১২ তারিখের পর কি তবে পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে?

কাল থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক

চট্টগ্রাম বন্দর: আন্দোলনে যুক্ত ১৫ জনের সম্পদ তদন্তের উদ্যোগ

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ শাহজাহান চৌধুরীর অনুসারী গ্রেপ্তার

চট্টগ্রামে এনসিটি ইজারা: সংকট কাটছে না বন্দরের

মানুষ এখন সচেতন, ভয় পেয়ে ঘরে বসে থাকতে চায় না: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুই দিন স্থগিত

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন শ্রমিকনেতারা

কুমিল্লার বরুড়ায় জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫