হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর পরিচালনায় অপারেটর নিয়োগে কড়াকড়ি আরোপ

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে অপারেটরদের এখন থেকে আর্থিক সক্ষমতা, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও নির্ধারিত কর্মদক্ষতার শর্ত পূরণ করতে হবে। নিয়োগ পাওয়া অপারেটরদের কার্যক্রম শুরুর আগে ৫০ লাখ টাকা জামানত দিতে হবে। পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও মেয়াদ শেষে নবায়নের ক্ষেত্রে কর্মদক্ষতা ও বন্দরের নির্ধারিত ট্যারিফ অনুসরণের বিষয়টি যাচাই করা হবে। অনিয়ম বা অবহেলায় লাইসেন্স স্থগিত কিংবা বাতিলের ক্ষমতাও থাকবে বন্দর কর্তৃপক্ষের।

চট্টগ্রাম বন্দরে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ ও পরিচালনায় অভিন্ন কাঠামো তৈরি করে নতুন বিধিমালা জারি করেছে সরকার। ৫ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২২ সালের ৮ নম্বর আইনের ৫৮ ধারার ক্ষমতাবলে এ বিধিমালা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ কেফায়েত হামিম আজকের পত্রিকাকে বলেন, নতুন বিধিমালায় বন্দরের জেটি, টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য অপারেটর নিয়োগ, দায়িত্ব, পরিচালন মানদণ্ড ও তদারকির অভিন্ন আইনি কাঠামো তৈরি হয়েছে।

বিধিমালায় অপারেটরদের তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। বার্থ অপারেটররা জেটি ও বার্থে পণ্য ওঠানো-নামানোর কাজ করবেন। টার্মিনাল অপারেটরদের দায়িত্বে থাকবে বিশেষায়িত কনটেইনার ও বহুমুখী টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড এবং সংশ্লিষ্ট লজিস্টিকস ব্যবস্থাপনা। আর শিপ হ্যান্ডলিং অপারেটররা বহির্নোঙর, মুরিং বয়া ও নির্ধারিত জলসীমায় পণ্য খালাস, লাইটারেজ এবং বাল্ক পণ্য স্থানান্তর করবেন।

আগ্রহীদের নিয়োগ ও নবায়নের প্রতিটি আবেদনের সঙ্গে ১ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। নির্বাচিত অপারেটরকে ৫০ লাখ টাকা জামানত অথবা সমপরিমাণ পারফরম্যান্স গ্যারান্টি দিতে হবে। নবায়নের সময় কর্মদক্ষতার সূচক (কেপিআই), ট্যারিফ অনুসরণ ও কার্যক্রমের মান বিবেচনা করা হবে।

অপারেটরদের ক্রেন, রিচ স্ট্যাকার ও ফর্কলিফটের মতো আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং শ্রমিকদের নিরাপত্তাসামগ্রী নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রাখার পাশাপাশি বন্দরের নির্ধারিত পরিচালন পদ্ধতি (এসওপি) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

অবহেলা, নির্ধারিত ট্যারিফ লঙ্ঘন কিংবা কার্যক্রমে বিঘ্ন ঘটলে চবক লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে। বন্দরের উৎপাদনশীলতা নিরীক্ষা এবং পরিচালন মানদণ্ড তদারকির ক্ষমতাও থাকবে কর্তৃপক্ষের হাতে। বন্দর সুবিধা, কনটেইনার ইয়ার্ড এবং বেসরকারি অফ-ডক বা ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে পণ্য ও কনটেইনার চলাচল এবং হ্যান্ডলিংয়ের নিয়মও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাম-ডেঙ্গুতে দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব দম্পতি

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

পাঁচলাইশে ব্যস্ত সড়কে ইমতিয়াজকে লক্ষ্য করে ৫ অস্ত্রধারীর গুলি

পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী দুই বাসের সংঘর্ষ, চালক নিহত

২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা

কর্ণফুলীতে কারখানার গেট কেটে হামলা-লুটপাটের অভিযোগ, মামলা

চন্দনাইশে নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যু, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

প্রিন্টিং মেশিনের ঘোষণায় এল সিগারেটের জাল স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকি

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ