হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে কারখানার গেট কেটে হামলা-লুটপাটের অভিযোগ, মামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলীতে কারখানার গেট কেটে হামলা, ভাঙচুর-লুটপাট করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে জমিভাড়ার বিরোধের জেরে বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা হয়েছে। অভিযোগে কারখানার নিরাপত্তাকর্মীদের মারধর ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুটের কথা বলা হয়েছে।

গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর আজিমপাড়া এলাকায় কারখানাটিতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেসার্স এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অন্য অভিযুক্ত ও অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে কারখানার প্রধান ফটকে যান। পরে তাঁরা গ্রাইন্ডার মেশিন দিয়ে লোহার গেট কেটে কারখানায় অনধিকার প্রবেশ করেন। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী মো. আব্দুল মান্নান (২৪), মো. রাশেদ (১৭) ও মো. মোস্তাককে (৪২) কিল-ঘুষি এবং হকিস্টিক দিয়ে মারধর করা হয়। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা কারখানার বাইরে রাখা বিভিন্ন স্ক্র্যাপসামগ্রী ও যন্ত্রাংশ গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যান।

কারখানার ব্যবস্থাপক মো. সিরাজুল মোস্তফা (৪৯) বাদী হয়ে মেসার্স এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির মো. নাছির উদ্দিন (৬৩), মো. সুমন (৪৫), নূর মোহাম্মদ (৫৫), মো. আবছার ওরফে আবছার মাঝি (৫৮), কিশোর বড়ুয়া (৫৫) ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

স্থানীয় সূত্রের ভাষ্য, জমির মালিক শাহজাদা ফুজুল আকবর খানের সঙ্গে ভাড়াটে প্রতিষ্ঠান মেসার্স এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে।

কারখানার ব্যবস্থাপক ও মামলার বাদী মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘ভাড়াটে মো. নাছির উদ্দিনের সঙ্গে ছয় বছরের ভাড়া নিয়ে মালিকপক্ষের বিরোধ চলে আসছিল। আদালত তাঁদের এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির সব কার্যক্রম বন্ধ এবং কারখানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। শুক্রবার কারখানা বন্ধ থাকার সুযোগে তাঁরা সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে কর্মীদের মারধর করেন। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারখানার কিছু মালামাল উদ্ধার করে। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি।’

জমির মালিকের নিরাপত্তা ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, দীর্ঘ ছয় বছর ধরে মেসার্স এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির মো. নাছির উদ্দিন কোনো ভাড়া দিচ্ছেন না। এ নিয়ে আদালতে মামলাও চলমান। এর মধ্যে গত শুক্রবার দিনদুপুরে লোকজন নিয়ে এসে মালিকপক্ষের কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। কর্মীদেরও মারধর করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ মামলা করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির প্রশাসন ব্যবস্থাপক নূর মোহাম্মদ ওরফে সুমন (৪৭) বলেন, মামলার কপিতে সবই লেখা আছে। সেখান থেকে জেনে নিন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, জমির মালিক ও ভাড়াটেদের দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষ থানায় ও আদালতে মামলা করেছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা

চন্দনাইশে নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যু, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

প্রিন্টিং মেশিনের ঘোষণায় এল সিগারেটের জাল স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকি

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন আসামি, চার ঘণ্টা পর আটক

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬