হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিক্ষোভের মুখে পুলিশি পাহারায় রাউজান ছাড়লেন প্রাণিসম্পদ কর্মকর্তা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

উপজেলা সদরের প্রাণী হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজান উপজেলার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু খামারিদের বিক্ষোভের মুখে পুলিশ পাহারায় তাঁর আগের কর্মস্থল ছেড়েছেন।

আজ বুধবার বিকেলে তিনি রাউজান ত্যাগ করেন। এর আগে দুপুরে উপজেলা প্রাণী হাসপাতালে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে প্রাণী হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অবস্থান নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন খামারিরা।

মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন বলেন, জয়িতা বসু যোগদানের পর থেকে প্রকল্প আত্মসাৎসহ নানা অনিয়ম করেছেন। প্রাণী হাসপাতালের এসি পর্যন্ত খুলে নিয়ে গেছেন তিনি।

এ সময় খামারিদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আলমগীর, রত্না মুহুরী ও মোহাম্মদ আলী আকবর। প্রাণিসম্পদ কর্মকর্তা রাউজান ছাড়ার পর পতাকা উড়াতে দেখা যায় এক যুবককে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ফোন করে রাউজান ছাড়ার সময় পুলিশের সহায়তা চান। এ জন্য তাঁকে পুলিশ পাঠিয়ে সহযোগিতা করা হয়। আসলে কি ঘটেছিল তা আমাকে জানায়নি।