হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র‍্যাবের পৃথক সাঁড়াশি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিকেলে দামপাড়া সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায় নগর-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউনুস (৪১), ইমরান হোসেন (৩১), আকবর হোসেন (২৪), সুমন (২৭), মনির ওরফে কেহেরমান (৩৮), গিয়াস উদ্দিন (২১), নয়ন (২০) ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন চাঁদাবাজি, ছিনতাই, মাদক, অস্ত্র, সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন, মানব পাচারসহ একাধিক মামলার আসামি।

ইউনুসের বিরুদ্ধে ৫টি, ইমরান হোসেনের বিরুদ্ধে ১২টি, আকবর হোসেনের বিরুদ্ধে ৬টি, সুমনের বিরুদ্ধে ৬টি, মনির ওরফে কেহেরমানের বিরুদ্ধে ৭টি এবং নয়নের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

গত সোমবার দুপুরে ওই হামলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

নগরীর চকবাজার থানার কাছাকাছি স্থানেই ওই প্রতিষ্ঠানে ১০ মিনিট ধরে চালানো হয় এ তাণ্ডব।

ওই হামলার ঘটনার পরপরই চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন পরিচয়ে ও ভাঙচুরের শিকার ডিডিএনের মালিক আদিল বিন মামুনের একটি কথোকথনের রেকর্ড ভাইরাল হয়। সেখানে দুদিন আগে আদিলের কাছে শীর্ষ সন্ত্রাসী ইমন চাঁদা হিসেবে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়।

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ

আইএসপি প্রতিষ্ঠানে হামলা গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বহন করছে: আইএসপিএবি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চবিতে গঠিত হলো পুনর্বাসন তহবিল

পর্যটকদের জন্য উন্মুক্ত মিরসরাই-সীতাকুণ্ডের সব ঝরনা

চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলা, সহকারীকে চালকের আসনে বসিয়ে রক্তক্ষরণে মারা গেলেন চালক

এইচএসসি পরীক্ষা স্থগিত রাখাসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

চন্দনাইশে ত্রাণের হাহাকার: চেয়ারম্যানদের বরাদ্দ নিয়ে গেলেন এমপি