চট্টগ্রামে জামায়াতের ইসলামীর এক প্রার্থী জামানত রক্ষা করতে পারেননি। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে জামায়াতের দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী। এই ১৪ জনের মধ্যে একমাত্র চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান ডা. মোহাম্মদ ফরিদুল আলম। তিনি এখানে ভোট পেয়েছেন ২১ হাজার ৭০৬টি। জামানত রক্ষার জন্য তাঁর প্রয়োজন ছিল ২৪ হাজার ১৮৬ ভোট।
এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু। তিনি পেয়েছেন ২৮ হাজার ৯৯৯টি ভোট। এই আসনে মোট ৮ প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
আসনে ভোট পড়েছে ৫৪ দশমিক ৮৬ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে জনগণ প্রতিনিধি বাছাই করেছে। এখানে কেউ জিতবে, কেউ হারবে এটাই নির্বাচন।