চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন (৫০) ও সোনিয়া আক্তার (৩৩) নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে আকবরশাহ থানাধীন এলাকায় অবস্থিত রয়েল পার্ক নামের ওই আবাসিক হোটেল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হোটেলের কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর মরদেহ এবং একই কক্ষের খাটে স্ত্রীকে নিথর অবস্থায় পাওয়া যায়।
জানা গেছে, নিহত দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। রিপন চট্টগ্রাম নগরের আসকারদীঘির দক্ষিণপাড় এলাকায় একটি চা-নাশতার দোকান চালাতেন। সোনিয়া আক্তার ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। রিপন প্রথম স্ত্রী ও সন্তানসহ খুলশী এলাকায় বসবাস করতেন বলেও জানা যায়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহত ব্যক্তিরা গতকাল রোববার বিকেলে ওই হোটেলে ওঠেন। রাতে তাঁরা একসঙ্গে খাবার নেন। পরে সকালে হোটেল বয় খোলা দরজা দিয়ে কক্ষে প্রবেশ করে স্বামীকে ঝুলন্ত ও স্ত্রীকে খাটে নিথর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্যকলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।