চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চায়ের দোকানে অবস্থানকালে পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। তাঁদের দাবি, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত কথিত শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে এই হামলা হয়েছে। ঘটনার ছয় দিন পার হলেও মূল আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বক্তারা আরও বলেন, রাব্বি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করার কারণে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁকে গ্রেপ্তারে রহস্যজনক উদাসীনতা দেখানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ সব হামলাকারীকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় বিভিন্ন পেশাজীবী সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।
এদিকে একই ঘটনার প্রতিবাদে জেলার নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলায় পৃথকভাবে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।