হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

ইয়াবাসহ আটক মা-ছেলে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তাঁর মা ছেমন খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে আশিক ও ছেমন খাতুন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ও স্ত্রী।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির-২, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কাছিয়াড়া ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।