চাঁদপুরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে বোগদাদ পরিবহনের দু্টি বাসকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
আইদি পরিবহনের তিনটি বাসের মধ্যে একটিকে তিন হাজার টাকা এবং অপর দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’