হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি’ 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোয়াতলী বাজারের দক্ষিণ পাশে রাস্তার ধার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের করোয়াতলী বাজারের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তিকে এর আগে আখাউড়ার খড়মপুর মাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, মৃত্যুর আনুমানিক এক ঘণ্টা আগেও তাঁকে ওই এলাকায় দেখা যায়। তবে তাঁর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ওই ব্যক্তিকে এলাকায় মাঝেমধ্যে ঘোরাফেরা করতে দেখা যেত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগেও তাঁকে এলাকায় দেখা গেছে। পরে করোয়াতলী বাজারের দক্ষিণ পাশে রাস্তার ধারে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আব্দুল কুদ্দুস বলেন, ‘তাঁর পরিচয় আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানবীর আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁকে খড়মপুর মাজার এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতে দেখা যেত।

তানবীর আহমদ বলেন, মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।