বগুড়ায় ওমরাহ হজে পাঠানোর কথা বলে ১৫ জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্রাদার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের একটি হজ এজেন্সির পরিচালক আবু তালেব কাজলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার ঢাকার একটি প্রাইভেট কারের শোরুম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব কাজল বগুড়ার কাহালু উপজেলার ভাগদুবড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আজ মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান। তিনি জানান, বগুড়া শহরের বড়গোলায় আবু তালেবের মালিকানাধীন হজ এজেন্সির অফিস ছিল। চলতি বছরের শুরুর দিকে তিনি ওমরাহ হজে পাঠানোর নামে ১৫ জনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন। পরে তাঁদের ভুয়া ভিসা ও বিমানের টিকিট দেওয়া হয়। এ কারণে তাঁরা ওমরাহ হজে যেতে পারেননি। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে দেলোয়ার হোসেন পশারী হিরু গত ২৩ জানুয়ারি বগুড়া সদর থানায় মামলা করেন।
পিবিআই জানায়, মামলা দায়েরের পর কাজল ঢাকায় আত্মগোপন করেন এবং পল্টন এলাকায় নতুন করে হজ এজেন্সি চালু করেন। এদিকে দীর্ঘদিন তাঁকে গ্রেপ্তার করতে না পারায় স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার নেয় পিবিআই। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকার একটি প্রাইভেট কারের শোরুম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি ৩৮ লাখ টাকায় একটি প্রাইভেট কার কেনার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই আরও জানায়, ওমরাহ হজে পাঠানোর নামে প্রতারণার পাশাপাশি বিভিন্ন দেশে চাকরি দেওয়ার কথা বলে অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কাজলের বিরুদ্ধে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতারুল ইসলাম জানান, আজ বিকেলে আবু তালেব কাজলকে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।