বগুড়ার শেরপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন: শেরপুর উপজেলার শিবপুর গ্রামের মো. রফিক হাজী (৭০), মো. আমিনুল ইসলাম (৬০) ও মো. মজনু হোসেন (৫৫)।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝাজর গ্রামের রবীন্দ্রনাথ হাওয়ালদার সাড়ে পাঁচ বিঘা আয়তনের একটি পুকুরে মাছ চাষ করছিলেন। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে চার মাস আগে সেখানে মাছের পোনা ছাড়েন তিনি।
অভিযোগে বলা হয়, গতকাল রোববার সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পুকুরটি দখলের চেষ্টা করেন। এ সময় রবীন্দ্রনাথ ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিয়েও ব্যর্থ হন। পরে ওই দিন দিবাগত রাতে পুকুর থেকে রুই ও কাতলসহ বড় মাছ ধরে নিয়ে যান তাঁরা। অবশিষ্ট মাছ মেরে ফেলতে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রবীন্দ্রনাথ হাওয়ালদার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। আমি এখন পুরোপুরি নিঃস্ব।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
শেরপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, পুকুরে বিষ প্রয়োগ ও মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।