হোম > সারা দেশ > ভোলা

চরফ্যাশনে ৫ হাজার সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপারকে শোকজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

৫ হাজার পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশনে চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার প্রায় পাঁচ হাজার পিস সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক (সুপার) মাওলানা মো. ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসা থেকে প্রায় পাঁচ হাজার পিস সরকারি পাঠ্যবই সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেখানে গিয়ে বইগুলো আটক করেন। তাদের দাবি, ওই সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. ওমর ফারুক ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া বিনা মূল্যের পাঠ্যবই বিক্রির উদ্দেশ্যেই সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল। পরে বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

৫ হাজার পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

অভিযোগের বিষয়ে মাদ্রাসা সুপার মাওলানা মো. ওমর ফারুক বলেন, ‘একটি শ্রেণিকক্ষ খালি করার প্রয়োজন হওয়ায় আমি ও প্রতিষ্ঠানের কর্মচারীরা বইগুলো সরানোর প্রস্তুতি নিয়েছিলাম। এগুলো ২০২৫-২০২৬ অর্থবছরের বই নয়। স্থানীয়রা ভুল বুঝে আপত্তি জানালে আমি সেখান থেকে চলে আসি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেপ্তার

গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে স্মরণ করল ছাত্রদল

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

ভোলায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সাপের কামড় খাওয়া সেই জেলের মৃত্যু, অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন অনেকে

ভোলায় কোর্ট পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার

ভোলায় বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালকের সহকারী আটক

সাপের ছোবলে জীবন-সংকটে জেলে বাবলু, অর্থাভাবে থমকে চিকিৎসা