হোম > সারা দেশ > ভোলা

ভোলায় অস্ত্রসহ বিএনপি কর্মী গ্রেপ্তার: প্রতিবাদে থানা ঘেরাওয়ের চেষ্টা

ভোলা প্রতিনিধি

আজ বেলা ১১টার দিকে ভোলা সদর মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ভোলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে আগ্নেয়াস্ত্র, মাদকসহ বিএনপির কর্মী জাকির হোসেনকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে এবং গ্রেপ্তার জাকির হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে তাঁরা ভোলা সদর মডেল থানা ঘেরাওয়ের চেষ্টাও করেছেন। পুলিশের বাধার মুখে থানা ঘেরাও করতে ব্যর্থ হয়ে তাঁরা থানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে জাকিরের মুক্তির দাবি জানান। তাঁদের অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টার জন্য ভোলা-চরফ্যাশন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতখান থানার পুলিশ, বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি মো. ফকরুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জাকির হোসেনের মুক্তির দাবি জানান। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে একই দাবিতে মঙ্গলবার (৫ মে) বিকেলে ভোলা সদর মডেল থানার সামনে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একদল নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা থানার সামনের রাস্তায় অবস্থান নিয়ে গ্রেপ্তার জাকিরের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের হাতে থাকা ব্যানারে গ্রেপ্তার জাকিরকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসভাপতি ও ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির নেতা বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীরা জাকিরকে উদ্দেশ্যমূলক গ্রেপ্তারের কথা উল্লেখ করে তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে জানান, জাকির হোসেন ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী-১৩ লঞ্চে করে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি একনলা বন্দুক, চারটি তাজা গুলি, দুই কেজি গাঁজাসহ জাকিরকে আটক করা হয়। জাকির দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন (৪২) ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামের মো. সিদ্দিক ফরাজির ছেলে।

এ বিষয়ে ভোলা জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ত্রসহ কোস্ট গার্ডের হাতে আটক জাকির হোসেন বিএনপির একজন কর্মী। তবে তিনি দলীয় কোনো পদ-পদবিতে নেই।’

ভোলা সদর মডেল থানার ওসির দায়িত্বে নিয়োজিত পুলিশ পরিদর্শক মো. জিয়াউদ্দিন বুধবার বেলা সোয়া ২টার দিকে বলেন, গত সোমবার গভীর রাতে উপজেলার ইলিশা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে জাকির হোসেন নামের একজনকে আগ্নেয়াস্ত্র, গাঁজাসহ আটক করে কোস্ট গার্ড। মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এজাহার অনুযায়ী, থানায় মামলা হয়েছে এবং আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে কিছু মানুষ জাকিরের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় মিছিলকারীদের থানার ফটক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেপ্তার

গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে স্মরণ করল ছাত্রদল

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

ভোলায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সাপের কামড় খাওয়া সেই জেলের মৃত্যু, অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন অনেকে

ভোলায় কোর্ট পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার

ভোলায় বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালকের সহকারী আটক

সাপের ছোবলে জীবন-সংকটে জেলে বাবলু, অর্থাভাবে থমকে চিকিৎসা