বরিশাল সদর উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ারের। তিনি সেখানে পৌঁছান ঠিকই। তবে সাড়ে ৫ ঘণ্টা পর। এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষায় ক্ষুব্ধ, বিরক্ত হয়ে কৃষকদের অনেকেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সংসদ সদস্য সেখানে পৌঁছান বেলা আড়াইটার দিকে।
অনুষ্ঠানে উপস্থিত শায়েস্তাবাদের কৃষক আবুস সাঈদ অভিযোগ করেন, ‘সকাল ৯টা থেকে আমাদের এই হলরুমে বসিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতির মুখোমুখি করা ঠিক না।’
একই ইউনিয়নের রফিক হাওলাদার বলেন, ‘আমাদের ওনারা গরু-ছাগল মনে করেছে। ইউএনও ম্যাডামও রাগ করে চলে গেছেন। আমরা দিন আনি দিন খাই, আমাদের এভাবে বসিয়ে রেখে একটা দিন নষ্ট করা হয়েছে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক বলেন, ‘সার ও বীজ বিতরণের তালিকায় সদর উপজেলার ১০ ইউনিয়নের ৭০০ কৃষক রয়েছেন। বৃহস্পতিবার ৫ ইউনিয়নের সাড়ে ৩০০ কৃষকের মধ্যে এসব কৃষিসামগ্রী বিতরণের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই কৃষকেরা উপস্থিত হন। তবে প্রধান অতিথি মজিবর রহমান সরওয়ার বেলা দুইটার পর পৌঁছান। এতে অনেক কৃষক অস্বস্তিবোধ করেন এবং কেউ কেউ ক্ষুব্ধ হয়ে চলে যান।
উপজেলা কৃষি অফিসের একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত কতজন কৃষক উপস্থিত থেকে সার ও বীজ নিয়েছেন, তা রোববারের আগে জানানো সম্ভব নয়।
অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা বলেন, প্রধান অতিথি এমপি সরওয়ারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সকাল ১০টায় অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। তিনি দুপুর ২টার সময়ও না পৌঁছালে তাঁকে ফোন দেওয়া হয়। এরপর তিনি অনুষ্ঠানে যান এবং উপস্থিত কৃষকদের মধ্যে গাছের চারা ও গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করেন।
ইউএনও আরও জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রধান অতিথির অনুষ্ঠানে যেতে দেরি হয়েছে।
এ বিষয়ে মজিবর রহমান সরওয়ার এমপি বলেন, ‘বৃহস্পতিবারের অনুষ্ঠান বেলা ১২টায় ছিল। সেখানে যেতে আমার এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হয়েছে। ঢাকায় যাব, এ জন্য প্রস্তুতি নিতে কিছুটা দেরি হয়েছে।’ তিনি আরও বলেন, যে কৃষকেরা চলে গেছেন, তাঁরা পরে চারা ও সার-বীজ নিতে পারবেন।
এর আগেও বিভিন্ন কর্মসূচিতে বিলম্বে উপস্থিত হয়েছেন মজিবর রহমান সরওয়ার। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে, গত বুধবার বরিশাল জিলা স্কুলে প্রথম বার্ষিক মেধা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান দুপুর ১২টায় হওয়ার কথা থাকলেও শিশু শিক্ষার্থীরা দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করার পর সেখানে পৌঁছান সরওয়ার। এতে শিক্ষকেরা ক্ষুব্ধ হন বলে সংশ্লিষ্টরা জানান।
এ ছাড়া, গত ৬ জুলাই পল্লী উন্নয়ন সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১২টায় পৌঁছান সরওয়ার। এতে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমদসহ উপস্থিত ব্যক্তিরা হতাশ হন।