হোম > সারা দেশ > বরিশাল

ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাই: বিএনপি নেতাসহ ৩ জন কারাগা‌রে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপি নেতাসহ ৩ জন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে বিএনপির এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তাঁর ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।

এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সানোয়ার জানান, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদারের অভিযোগ, শনিবার রাতে মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তাঁকে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। রোববার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন তিনি। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজে সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন।

এজাহারে বলা হয়, কাজ চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে রুস্তম হাওলাদারকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। তাঁর ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পরে রুস্তম হাওলাদারের ব্যবহৃত প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান।

রুস্তম হাওলাদার বলেন, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাঁকে মারধর করা হয় এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, রুস্তম হাওলাদারের কাছে তাঁর ২ লাখ টাকা পাওনা রয়েছে। ওই সড়কের নির্মাণকাজে তিনিও অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক

বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

সন্তান না হওয়ার আক্ষেপে ভাঙল ৭ বছরের সংসার

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক

মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল, বিক্রি সাড়ে ১৭ হাজারে

ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু