হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়

বাগেরহাট প্রতিনিধি

বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে এবারও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এই মসজিদে ঈদের নামাজ আদায় করতে আজ শনিবার (২১ মার্চ) ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগে ধর্মপ্রাণ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। মসজিদের দুই পাশে করা অস্থায়ী প্যান্ডেলেও নামাজ আদায় করেন মুসল্লিরা।

মুসল্লিদের আধিক্যের কারণে প্রতিবছরের মতো এবারও এই মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.)-এর মাজার-সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

প্রথম জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সকাল ৮টা ১৫ মিনিটে শুরু হয় দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

এবার ঈদের জামাত উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জা, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা, মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সব মিলিয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পেরেছেন মুসল্লিরা। তবে বৃষ্টির কারণে আনন্দ-উৎসবে কিছুটা ভাটা পড়েছে। বিশেষ করে বৃষ্টি থেকে বাঁচতে নামাজ শেষ করে খোলা ময়দানে কোলাকুলি করতে দেখা যায়নি কাউকে।

বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমরা ঈদের নামাজ শেষ করেছি। মসজিদের ভেতরে ও বাইরে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। বৃষ্টি থাকলেও বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন।’

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ সম্পন্ন করার জন্য আমরা আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। খুবই আনন্দঘন পরিবেশে আমরা সবাই একসঙ্গে নামাজ আদায় করেছি। মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। একটি সুখী সমৃদ্ধ বাগেরহাট গড়ার জন্যও আমরা দোয়া করেছি।’

সাত দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১১ জেলে

ডাকাতির চার ঘণ্টার মধ্যে ট্রাক-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

লিভার সিরোসিসে অনিশ্চিত সোহাগের জীবন, নিভছে বাবার কিডনিতে বাঁচার স্বপ্ন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

উপকূলের হতদরিদ্র পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদ

বজ্রপাতে পুড়ে ছাই দিনমজুরের ঘর

প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র: ১৪ বছর ধরে কার্যক্রম নেই প্রশিক্ষণকেন্দ্রে

দুই মণ ধানের সমান দৈনিক মজুরি শ্রমিকের, বিপাকে চাষি