বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার আব্দুল কাদের, খুলনার দাকোপ উপজেলার বাহাদুর শিকদার ও মনির হোসেন মনির।
কাটাখালী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের মারা যান। আহত দুজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়েছে।