লক্ষ্মীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আজাদ হোসেন রানা (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রানাকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় লোকজন।
পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে মজুপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। একই বাসায় ভাড়া থাকেন অভিযুক্ত রানা ও তাঁর পরিবার। গতকাল সন্ধ্যার দিকে কৌশলে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেন রানা। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন অভিযুক্ত রানাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজাদ হোসেন রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে।