ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাতের আঁধারে ট্রাকভর্তি ২৫০ বস্তা সরকারি ডিএপি সার পাচারকালে এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম এ কে এম ইলিয়াস হাওলাদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স হাওলাদার ট্রেডার্সের’ স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের চান্দ্রা ইউনিয়ন কমিটির সহসভাপতি এবং ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে মালিগ্রাম বাজারের গুদাম থেকে ট্রাকে ২৫০ বস্তা ডিএপি সার বোঝাই করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
মালিগ্রাম ফ্লাইওভারের নিচে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকে দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
তাঁরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করার পাশাপাশি সারের ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকচালকের সহকারীকে আটক করে থানায় নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে সারবোঝাই ট্রাকটি জব্দ এবং জড়িতদের আটক করা হয়। আটক সারের ডিলারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সার পাচারের ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে সার পাচারের সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িত ডিলারের লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।