৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি।
বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা পুলিশ ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। হাজারখানেক পুলিশ ও স্বেচ্ছাসেবক তাঁকে একটি হোটেলে অন্য নামে খুঁজে পেয়েছিলেন।
বিপুল বিক্রীত বই এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: তিনি সর্বকালের বেশি বিক্রীত কল্পকাহিনি লেখিকা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত। বিশ্বজুড়ে তাঁর বইয়ের ২০০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। বাইবেল ও শেক্সপিয়ারের রচনার পরই তাঁর বিক্রীত বইয়ের অবস্থান।
বিষবিজ্ঞানে গভীর জ্ঞান: প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি একজন ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। সেখানে বিভিন্ন বিষ ও রাসায়নিক উপাদান সম্পর্কে তাঁর গভীর অভিজ্ঞতা তৈরি হয়। এই অভিজ্ঞতা তিনি পরে নিজের রহস্য উপন্যাসগুলোতে ব্যবহার করেন নিখুঁতভাবে।
সার্ফিংয়ের প্রতি ভালোবাসা: ১৯২০-এর দশকে আগাথা ক্রিস্টি এবং তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকা ও হাওয়াই ভ্রমণে গিয়ে সার্ফিং শেখেন। তিনি প্রথম ব্রিটিশ নারীদের একজন, যিনি দাঁড়িয়ে সার্ফিং করা শিখেছিলেন।
অন্য নামে রোমান্টিক উপন্যাস লেখা: শুধু থ্রিলার ও গোয়েন্দা গল্পই নয়, তিনি মেরি ওয়েস্টম্যাকট ছদ্মনামে ৬টি রোমান্টিক ও নাটকীয় উপন্যাসও লিখেছিলেন। বহু বছর ধরে তাঁর ভক্তরা জানতেনই না, এগুলোও তাঁর লেখা।