হোম > প্রযুক্তি

বিজ্ঞাপন দেখানো শুরু করল চ্যাটজিপিটি, না দেখলে সেবা কম

আজকের পত্রিকা ডেস্ক­

চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন প্রদর্শনের পরীক্ষা করছে। এই পরীক্ষা চলছে ফ্রি এবং গো সাবস্ক্রিপশন টায়ারে। এই দুই টায়ারই চ্যাটজিপিটির সবচেয়ে সস্তা প্যাকেজ। অনেকের মতে, এটাই হয়তো বিজ্ঞাপনহীন চ্যাটজিপিটির শেষের শুরু।

ওপেনএআই–এর এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আনার লক্ষ্য হলো আরও শক্তিশালী ফিচারে বেশি মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা। একই সঙ্গে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওপর যে আস্থা রাখেন, বিশেষ করে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ কাজে, সেটি যেন অটুট থাকে।

কোম্পানিটি জানিয়েছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরে কোনো প্রভাব ফেলবে না। তাদের দাবি, চ্যাটজিপিটি আগের মতোই ব্যবহারকারীর জন্য সবচেয়ে উপকারী উত্তর দেওয়ার দিকেই মনোযোগী থাকবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি রেসিপির আইডিয়া জানতে চায়, তাহলে উত্তরের পরে মুদি পণ্য ডেলিভারি সেবার একটি বিজ্ঞাপন দেখা যেতে পারে।

যেসব ব্যবহারকারীর বয়স ১৮ বছরের নিচে বলে অনুমান করা হয়, তাদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। একই সঙ্গে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতির মতো সংবেদনশীল ও নিয়ন্ত্রিত বিষয়ে বিজ্ঞাপন দেখানো হবে না। আপনি কোন বিজ্ঞাপন দেখবেন, তা নির্ভর করবে আপনি কী নিয়ে কথা বলছেন, আগের চ্যাটগুলোতে কী আলোচনা হয়েছে এবং আপনি কোনো বিজ্ঞাপন লুকিয়েছেন নাকি তাতে যুক্ত হয়েছেন কি না, তার ওপর।

ওপেনএআই বলছে, এসব তথ্য বিজ্ঞাপনের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়। তবে এসব ব্যক্তিগত তথ্য বা কথোপকথন কোনোভাবেই বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হয় না। বিজ্ঞাপনদাতারা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য বা চ্যাট দেখতে পান না। ব্যবহারকারীরা চাইলে নিজেদের বিজ্ঞাপন–সংক্রান্ত ডেটা মুছে ফেলতে পারবেন। কোম্পানির দাবি, এতে আপনার চ্যাটের ওপর কোনো প্রভাব পড়বে না।

চ্যাটজিপিটি প্রো বা প্লাস সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা পুরোপুরি বিজ্ঞাপন থেকে মুক্ত থাকতে পারবেন। আবার ফ্রি ও গো ব্যবহারকারীরাও চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। তবে এর বিনিময়ে প্রতিদিন কমসংখ্যক ফ্রি মেসেজ পাঠানোর সুযোগ পাবেন।

চ্যাটের ভেতরে বিজ্ঞাপন দেখানো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর মধ্যে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই কোম্পানি এনথ্রপিক সুপার বোল চলাকালে একটি বিজ্ঞাপন দিয়ে প্রতিশ্রুতি দেয়, তারা বিজ্ঞাপনমুক্তই থাকবে। সেই বিজ্ঞাপনটি অনেকের চোখে ওপেনএআই–এর বিজ্ঞাপন আনার পরিকল্পনাকে কটাক্ষ করার মতো মনে হয়েছে।

গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস দাভোসে বলেন, ওপেনএআই–এর বিজ্ঞাপন চালু করা হয়তো একটু তাড়াহুড়ো হয়ে গেছে। তাঁর মতে, সম্ভবত বাড়তি আয় আনার জন্যই তাদের বিজ্ঞাপনের পথে হাঁটতে হচ্ছে।

ডিসেম্বরে ওপেনএআই ‘কোড রেড’ ঘোষণা করেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, বিশেষ করে গুগলের কাছ থেকে বেড়ে যাওয়া প্রতিযোগিতা। এরপর সিইও স্যাম অল্টম্যান কর্মীদের নির্দেশ দেন, একটাই বিষয়ে মনোযোগ দিতে। চ্যাটজিপিটিকে আরও ভালো করা। তবে বাস্তবতা হলো, একসময় সেটিকে অর্থ উপার্জন করতেই হবে। সেখান থেকেই বিজ্ঞাপন চালুর পথ তৈরি হয়।

এখন বড় প্রশ্ন হলো, ভবিষ্যতেও কি চ্যাটজিপিটি প্লাস এবং প্রো সাবস্ক্রিপশন পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত থাকবে, নাকি সেখানেও একদিন বিজ্ঞাপন ঢুকে পড়বে।

শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ

বহুল ব্যবহৃত ভিপিএন অ্যাপে নিরাপত্তা ঝুঁকি

এআই প্রশিক্ষণ: বিশ্বের অর্ধেক শ্রমশক্তি ভারতের ছোট শহর ও গ্রামে

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

অপারেশন থিয়েটারে এআই—ভুল সার্জারির অভিযোগ বাড়ছে

শিগগির চাঁদে ‘সেলফ গ্রোয়িং সিটি’ গড়তে যাচ্ছেন মাস্ক

বিটিসিএলের এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার উদ্বোধন

এআই ফ্যাক্টর: এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল প্রযুক্তি কোম্পানিগুলো

এপস্টেইনের ই-মেইল ইনবক্স দেখতে পারেন আপনিও, কীভাবে দেখবেন

সুপার এআইয়ের দৌড়ে চীনের টেক জায়ান্টরা