হোম > খেলা > টেনিস

রাশিয়ার হামলায় বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, কিন্তু...

ক্রীড়া ডেস্ক    

রাশিয়ার হামলায় বিধ্বস্ত দায়ানা ইয়াস্ত্রেমস্কের অ্যাপার্টমেন্ট। ছবি: ইনস্টাগ্রাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়। নিয়মিত বিরতিতে হওয়া এই হামলায় প্রাণ হারাচ্ছেন নাম না জানা অনেকে। বাসাবাড়ি ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যত্র। এবার এক টেনিস তারকার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে রাশিয়ার হামলায়।

ইউক্রেনের ওদেসায় গতকাল রাশিয়া ক্ষেপণাস্ত্র-মিসাইল হামলা চালিয়েছে। রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের টেনিস তারকা দায়ানা ইয়াস্ত্রেমস্কেও। সামাজিক মাধ্যমে ইয়াস্ত্রেমস্কা কিছু ছবি শেয়ার করেছেন। রাশিয়ার মিসাইলের আঘাতে দাউ দাউ করে তাঁর অ্যাপার্টমেন্ট জ্বলার ছবি দৃশ্যমান। তবে একটি তোয়ালে অক্ষত অবস্থায় দেখা গেছে।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে এক পোস্টে ইয়াস্ত্রেমস্কে লিখেছেন, ‘আজ রাতে একটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। রুশ ক্ষেপণাস্ত্র ওদেসায় ধ্বংস করে দিয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট।রোলাঁ গারোর এই তোয়ালেটাই হলো একমাত্র অক্ষত বস্তু।’

এমন কঠিন সময়ে নারী টেনিস অ্যাসোসিয়েশন ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়াস্ত্রেমস্কে। ইউক্রেন টেনিস তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘বিশ্ব টেনিসের একটি অংশ রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেয়েছে। কিন্তু আমাদের বাড়ি রক্ষা পায়নি। এই ছবিগুলো একবার দেখুন। আপনাদের কথিত ‘নিরপেক্ষতা’র প্রকৃত অর্থ এটাই ইউক্রেনের কোর্টের দিক থেকে।’

সবশেষ ইয়াস্ত্রেমস্কে কোর্টে নেমেছিলেন গত আগস্টে। ইউএস ওপেনে লুক্রেজিয়া স্তেফান্নির কাছে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন ইউক্রেন টেনিস তারকা। এবারই যে প্রথমবার তিনি এমন ভয়াবহ হামলা দেখেছেন, তা নয়। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইয়াস্ত্রেমস্কার দাদির বাড়ি।