সেনেগালের রাজধানী ডাকারে এখন চলছে যুব অলিম্পিক। বাংলাদেশের অ্যাথলেট শিপন মিয়া দেখালেন চমক। ১০০ মিটার স্প্রিন্টে হয়েছেন সপ্তম।
বয়সভিত্তিক অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে শিপন মিয়া ১১.০৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল শেষ করেন। এটা তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং। দুই সেমিফাইনালে শীর্ষ চার ও দুই সেমিফাইনাল মিলিয়ে শীর্ষ টাইমিংধারী ফাইনালে খেলেন। শিপন দ্বিতীয় হিটে চতুর্থ হয়ে ফাইনালে উঠেন। ফাইনালে ৯ জনের মধ্যে সপ্তম হয়েছেন শিপন। তাঁর টাইমিং ১১.১৮ সেকেন্ড। ব্রোঞ্জ পদক পাওয়া পোল্যান্ডের স্প্রিন্টারের টাইমিং ১০.৬১ সেকেন্ড।
সিনিয়র অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদরা হিটেই বাদ পড়ে যান। এশিয়ান কিংবা কমনওয়েলথ গেমসেও আশানুরূপ ফল হয় না। এমনকি যুব অলিম্পিকেও ছিল না বাংলাদেশের বলার মতো পারফরম্যান্স। এবারই শিপন উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন।
২০১৭ সালে যুব অ্যাথলেটিকসে জহির রায়হান সেমিফাইনালে উঠেছিলেন। এবার শিপন উঠলেন ফাইনালে।