হোম > খেলা > ফুটবল

তিন গোলেই হারল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রথমার্ধে হজম করা তিন গোলেই হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধানটা মাঠের লড়াইয়েও স্পষ্ট হয়ে দাঁড়াল। ভিয়েতনামের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে চোখে চোখ রেখে লড়াইয়ের আশ্বাস দিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। অথচ তাঁর শিষ্যরা তাল মেলাতে পারেননি ভিয়েতনামের বিপক্ষে। প্রীতি ম্যাচে তাই ৩–০ গোলে হারল বাংলাদেশ। সেই তিন গোল এসেছে প্রথমার্ধেই।

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ হামজা চৌধুরীর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে যায়। কিন্তু হামজা–শমিতকে নিয়েও বাংলাদেশ গোল হজম করে বসে অষ্টম মিনিটে। কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ফেলে দেন জায়ান আহমেদ। প্রথমার্ধের পুরোটা সময় ভিয়েতনামি ঝড়ে লণ্ডভণ্ড হতে হয়েছে বাংলাদেশের রক্ষণভাগকে।

১৮ মিনিটে গুয়েন কুয়াংয়ের নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জুয়ান মানের। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কেবল তাকিয়েই ছিলেন।

দুই গোলে এগিয়ে থাকায় ভিয়েতনাম কিছুটা ধীরগতিতে খেলার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা সুযোগের সদ্ব্যবহার করে করে। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে গুয়েন হাই লং বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজিকে কাটিয়ে ৩৮ মিনিটে ডান কোনা দিয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। তাতে আরও স্পষ্ট হয়ে রক্ষণের দুর্বলতা।

বিরতির পর ৪–৩–৩ ছেড়ে ৫–৩–২ ফরমেশন সাজান কাবরেরা। তাতেও দমানো যায়নি ভিয়েতনামের আক্রমণ। ভাগ্য পাশে থাকলে ব্যবধান আরও বাড়াতে পারত স্বাগতিকেরা। শ্রাবণও কিছু দারুণ সেভ দিয়েছেন। তাই গোল হজম না করাটাই যেন স্বস্তির।

এই হারের গ্লানি ভুলে বাংলাদেশকে এখন তাকাতে হবে সামনে। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের। হ্যানয়ের এই ব্যর্থতা ঝেড়ে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এক ম্যাচ জিতেই সেমিফাইনালে বাংলাদেশ

তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

হামজাকে নিয়ে অনিশ্চয়তা কাটল, গোলকিপিংয়ে চমক

ফুটবল খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা

বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরুর সময় জানাল ফিফা

বাড়তি চাপ সামলে ইতালি কি জায়গা করে নিতে পারবে বিশ্বকাপে

ব্রাজিল-ম্যাচের আগে এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য

রিয়ালের জালে ৬ গোল দিয়ে সেমিতে এক পা বার্সেলোনার

হামজাদের নিয়ে ২৫ বছর পর ভিয়েতনামের সামনে বাংলাদেশ

শিরোপা হাতছাড়া হওয়ায় ক্রীড়া আদালতে আপিল করল সেনেগাল