হোম > খেলা > ফুটবল

‘ব্রাজিলকে যত দ্রুত সম্ভব, ধাক্কা কাটিয়ে উঠতে হবে’

ক্রীড়া ডেস্ক    

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

মরক্কো ম্যাচের ধাক্কা ব্রাজিল কাটিয়ে উঠেছে নিজেদের পরের ম্যাচেই। আফ্রিকান দেশটির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর যে সমালোচনার মুখে পড়েছিল কার্লো আনচেলত্তির দল, হাইতিকে উড়িয়ে মাঠেই জবাব দিয়েছে ব্রাজিল। কিন্তু ফিলাডেলফিয়ায় গত পরশু হাইতির বিপক্ষে জয়ের পর দুশ্চিন্তা দূর হয়নি সেলেসাওদের। উল্টো এক ধাক্কা খেয়েছে আনচেলত্তির দল।

ফিলাডেলফিয়ায় পরশু হাইতির বিপক্ষে ৪০ মিনিটের সময় যখন রাফিনিয়া বের হয়ে যাচ্ছিলেন, তখন তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। তিন মাসের ব্যবধানে ডান ঊরুতে দুইবার ব্যথা পাওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাচ্ছে না ব্রাজিল। ‘ও গ্লোবো’ পরশু রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) বরাত দিয়ে এক প্রতিবেদনে তা নিশ্চিত করেছে। যদিও বিশ্বকাপ থেকে তাঁর ছিটকে যাওয়ার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। তবে এই ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করতে না করেছেন লুকাস পাকেতা। নিউ জার্সিতে গতকাল বিশ্বকাপ ক্যাম্পে সাংবাদিকদের ব্রাজিলের মিডফিল্ডার বলেন, ‘সে কত দিন মাঠের বাইরে থাকবে, সে বিষয়ে আমরা খুব বেশি ভাবছি না। দ্রুত সে ফিরে আসবে বলে মনে করছি।’

রাফিনিয়া যখন ডাগ আউটে গিয়ে বসেছিলেন, তখন আনচেলত্তিকেও চিন্তিত দেখা গেছে। এই চোটে পড়াতেই বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না রাফিনিয়ার। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। সতীর্থ পরের ম্যাচে খেলতে পারবেন না দেখে স্বাভাবিকভাবেই পাকেতার মন খারাপ। ২৮ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘আমরা সবাই দুঃখিত, বিশেষ করে রাফা। এই চোটের কারণে সে সামান্য একটি বাধার মুখে পড়েছে। তবে সে আমাদের সবার সমর্থন পাবে। আমরা সবাই তার পাশে আছি।’

বার্সেলোনার জার্সিতে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ২১ গোল। অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। জিতেছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ শিরোপা। তবে ব্রাজিলের জার্সিতে রাফিনিয়াকে সে অর্থে দেখাই যায়নি। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৪১ ম্যাচে ১১ গোলে করেছেন। এমনকি গত পরশু মাঠ থেকে বের হয়ে যাওয়ার আগে বেশ কিছু সুযোগও হাতছাড়া করেছেন তিনি।

ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রাফিনিয়া ধীরে ধীরে গুছিয়ে উঠছেন বলে মনে করেন পাকেতা। ব্রাজিলের অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, ‘সে খুবই পরিশ্রমী। দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার কিছু নেই। গত কয়েক মৌসুমে সে অসাধারণ খেলছে। জাতীয় দলের হয়ে উন্নতি করছে সে। এমন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারালে দ্রুতই দলকে নতুনভাবে গুছিয়ে নিতে হয়।’

রাফিনিয়াকে উঠিয়ে নেওয়ার পর আনচেলত্তি পরশু রায়ানকে খেলিয়েছেন। সেই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের উড়ন্ত জয় পায়। মাতিয়াস কুনিয়া করেন জোড়া গোল। অপর গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

তাহলে কোন একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

কেপ ভার্দের ক্ষুধা মেটানো গোল ও এক বাবার উপহার

‘আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছি না’

ফিফার নতুন নিয়মের কড়া সমালোচনা করলেন আর্জেন্টিনা কোচ

রেকর্ড গড়তে নামার আগে ‘বিশেষ লুকে’ মেসি

মাঠেই রেফারির দামি ঘড়ি ‘মেরে দিলেন’ প্যারাগুয়ের ফুটবলার

আর্জেন্টিনার পরীক্ষা নেবে অস্ট্রিয়ার ‘হাই-প্রেস’

নিউজিল্যান্ডকে হারিয়ে মিসরের ঐতিহাসিক জয়

মেসির বাবার ভুয়া মৃত্যুর খবর শুনে খেপেছেন স্কালোনি

‘আসাদো’র উচ্ছ্বাসে মেতেছেন আর্জেন্টাইনরা