বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন। যা এখন থেকে হিসেব করলে ২৫ দিন পর। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আর্জেন্টিনার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
আঙুলে চোট পাওয়ায় কমপক্ষে ২০ দিনের জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনার বাজপাখি নামে পরিচিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে গতকাল এমন সংবাদ প্রচার হয়েছে। তাতে করে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে রয়েছে সংশয়।
২০ মে রাতে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাস্টন ভিলা। ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের বৃদাঙ্গুলিতে চোট পেয়েছিলেন মার্তিনেজ। আঙুল মচকে গেলেও সেই চোট নিয়েই ভিলার গোলপোস্ট পাহারা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত শিরোপা জিতেই মাঠ ছাড়েন মার্তিনেজ। তবে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষকের অস্ত্রোপচার দরকার হচ্ছে না।
১৭ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়তো গোলপোস্টের সামনে মার্তিনেজ থাকছেন। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে তিনি খেলছেন না। ৬ ও ৯ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিলেস্তেরা।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার সবশেষ চার শিরোপা জয়ে মার্তিনেজের অবদান অপরিসীম। বিশেষ করে পেনাল্টি শুটআউট বা টাইব্রেকারে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ কাতার বিশ্বকাপ—এই দুই টুর্নামেন্টে প্রতিপক্ষের নিশ্চিত অনেক গোল বাঁচিয়েছেন তিনি।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ধ্রুপদী ফাইনালে হারিয়ে আলবিসেলেস্তেরা জিতেছিল শিরোপা। লিওনেল মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছিলেন।